এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ
অনলাইন ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের জামিন আবেদন আবারও খারিজ করেছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে নজরুল ইসলামের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান জামিনের আবেদন করেন। এ সময় দুই পক্ষের মধ্যে আপস হয়েছে বলে উল্লেখ করে জামিন চাওয়া হয়। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে দেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবরও আপসের বিষয়টি তুলে ধরে জামিন চাওয়া হয়েছিল। সেসব আবেদনও আদালত প্রত্যাখ্যান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়।
পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
মামলার পরদিন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে মাকছুদা ইসলামের আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর তাঁদের জামিনের আবেদন করা হলে আদালত মাকছুদা ইসলামকে জামিন দেন, তবে নজরুল ইসলামের আবেদন নাকচ করেন।
এ মামলায় অভিযুক্ত ওবায়দুর রহমানকেও গত ২৩ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছিল। তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়।











