দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা
অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলাকালে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা। রোববার (১১ অক্টোবর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে তাঁকে আটক করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দিল্লির বিজয় চকের কাছে অন্যান্য বিক্ষোভকারীর সঙ্গে নেহা বোরাকে আটক করা হয়। বিক্ষোভকারীরা কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও মিছিল নিয়ে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন নেহা। তাঁর দাবি, বিক্ষোভকারীদের রাখার জন্য ব্যবহৃত পুলিশের বাসের ভেতরে অতিরিক্ত ভিড় ছিল। সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে। পুরুষ বিক্ষোভকারীদের গালাগাল ও লাথি মারার অভিযোগও করেন তিনি।
নেহা প্রশ্ন তোলেন, বিক্ষোভকারীদের আটকে রাখার জন্য ব্যবহৃত বাসগুলোকে কার্যত কারাগারে পরিণত করা হচ্ছে কি না। নির্বাচন কমিশনের প্রধানকে নিরাপত্তা দেওয়ার নামে সাধারণ মানুষের ওপর কেন এমন আচরণ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর আগে শনিবার সকালে নেহা বোরাকে আটক করেছিল দিল্লি পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার দিল্লির বিভিন্ন স্থানে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) এবং ক্রান্তিকারী যুব সংগঠনের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে শুরু হওয়া এই কর্মসূচি অব্যাহত রয়েছে।
অন্যদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি।











