ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা
অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে আগামী ৮ থেকে ১০ বছর পর্যন্ত যাত্রী চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে। এরপর বাড়তি চাহিদা সামাল দিতে বৃহত্তর পরিসরের বিমানবন্দরের প্রয়োজন হতে পারে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার একটি রিসোর্টে সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়নে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ অঞ্চলের অবকাঠামো ও নাগরিক সুবিধা বাড়াতেও বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।
বৃহত্তর ময়মনসিংহকে অবহেলিত অবস্থায় রাখতে চান না উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে শিক্ষার মান বাড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মূলধারায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘সৃষ্টি সুখের উল্লাসে’ নিয়ে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বৃহত্তর ময়মনসিংহের অতীত পরিস্থিতির কথা তুলে ধরেন। তাঁর দাবি, গত ১৭ বছরে এ অঞ্চলে শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা ও উন্নয়নের নতুন ধারা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া নেত্রকোনার বিরিশিরি এলাকাকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বিমানবন্দরের যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।











