দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের ছুটি বাতিল
অনলাইন ডেস্ক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে পরিবহন ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকায় চলাচল করবে ঢাকা স্পেশাল-৩। অন্যদিকে, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচল করবে চট্টগ্রাম স্পেশাল-৪।
যাত্রীদের বাড়তি চাপ সামলাতে কয়েকটি নিয়মিত ট্রেনের সাপ্তাহিক বিরতিও তুলে নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের ছুটি বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বিরতি প্রত্যাহার করা হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে।
ট্রেনের সময়সূচি ঠিক রাখা এবং বিলম্ব কমাতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে। রেলপথ ও সেতুর নিরাপত্তায় নিয়মিত পেট্রোলিংয়ের পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের বিশেষ পরিচর্যা করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে রিলিফ ট্রেনগুলোও প্রস্তুত রাখা হবে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান রেলস্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) নজরদারি বাড়ানো হয়েছে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে আগামী ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হবে।
এ ছাড়া চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট কর্মচারীদের তৎপরতা বাড়ানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











