তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে তুর্কি হাউসে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব উঠে আসে।
ভবিষ্যতে অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা করেন দুই নেতা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
এর অংশ হিসেবে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গেও তার বৈঠক হয়েছে।
বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশ্বব্যাংকের সহায়তা আরও সম্প্রসারণের সম্ভাবনাও উঠে আসে।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গেও দুই দেশের সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তিনি।











