,

ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের সমালোচনা করেছেন দেশগুলোর নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইউএনজিএতে দেওয়া বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার ঘটনাকে কঠোরভাবে সমালোচনা করেন। তার প্রশ্ন, গাজার পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকলে তাদের বিশ্বাসযোগ্যতা কোথায় থাকবে।

ম্যাক্রোঁ জানান, প্রায় এক বছর আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে ফ্রান্সও ছিল। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

দ্বিরাষ্ট্র সমাধানে জোর
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আয়োজিত ইউএনজিএর একটি বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, কানাডার প্রধানমন্ত্রী মাইক কার্নি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সভাপতিত্ব করেন।

বার্নহ্যাম বলেন, কয়েক দশক ধরে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হলেও বাস্তব পদক্ষেপ ছাড়া এ বিষয়ে মানুষের রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর আস্থা কমতে পারে।

তিনি পশ্চিম তীরে ইসরাইলি বসতিতে বাণিজ্য নিষিদ্ধ করার যুক্তরাজ্যের সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি ‘ই-১’ বসতি প্রকল্পকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।

ফিলিস্তিনকে কানাডার ১০ কোটি ডলার সহায়তা
ফিলিস্তিনিদের জন্য ১০ কোটি কানাডিয়ান ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মাইক কার্নি। এর ৮০ শতাংশ মানবিক সহায়তায় এবং বাকি ২০ শতাংশ শান্তি ও নিরাপত্তাসংক্রান্ত কাজে ব্যয় করার কথা জানিয়েছেন তিনি।

এই অর্থের একটি অংশ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার কানাডার দীর্ঘমেয়াদি কর্মসূচিতেও ব্যবহৃত হবে।

কার্নি গাজায় ফিলিস্তিনিদের মানবিক সংকটের কথা তুলে ধরার পাশাপাশি ইসরাইলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ‘ই-১’ প্রকল্পের সমালোচনা করে অধিকৃত ভূখণ্ডের ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানান।

অটোয়া জানিয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য ৬০ কোটি কানাডিয়ান ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা।

এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও গাজা সিটিতে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর নিহতের সংখ্যা ৭৩ হাজার ৯০০ ছাড়িয়েছে বলেও এতে বলা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

দুবলারচরে জমজমাট শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের ক্ষোভ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান

ঘরে বসেই মোবাইলেই খুঁজুন বাবা-দাদার জমির তথ্য

টাইফুন দুজুয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৯

জাতিসংঘ সফরে জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

ওয়েব ফিল্মে প্রথম জুটি শার্লিন-তৌসিফ

৪০ বছর পর ব্যক্তিগত পদক বাংলাদেশের