,

পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের বসাকবাজার সংলগ্ন ধলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইকের চালক কাইয়ুম প্যাদা (৫০), যাত্রী জাহাঙ্গীর হাওলাদার (৩২), শিল্পী রানী (৪০) ও তার মেয়ে বিথী রানী (২২)। তাদের সবার বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পী রানী তার মেয়ে বিথীকে নিয়ে চিকিৎসকের কাছে পটুয়াখালী এসেছিলেন। পরে ইজিবাইকে করে বাড়ি ফেরার সময় তারা দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও আহত বাসযাত্রীদের ভাষ্য অনুযায়ী, ‘ইমরান ট্রাভেলস’ নামের বাসটি শনিবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ধলুগাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানই সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিল্পী রানী, বিথী রানী ও কাইয়ুম মারা যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ইজিবাইকের আরেক যাত্রী জাহাঙ্গীর হাওলাদারের মৃত্যু হয়।

এ ঘটনায় বাসের অন্তত সাত যাত্রী আহত হন। আহতদের মধ্যে লিলি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০) পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বাসিন্দা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এতে অংশ নেয়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজোয়ান জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বাসের ভেতরে বা খাদে আর কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে রাতেও উদ্ধার অভিযান চালানো হয়। পরে আর কোনো হতাহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর