রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের
বেরোবি প্রতিনিধি :অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় জামায়াতে ইসলামী রংপুরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগের প্রশাসনিক কাঠামো এমনভাবে সাজানো হয়েছে, যাতে বিএনপির ভোট পড়লেও জামায়াতের প্রার্থীদের জয় নিশ্চিত করা যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও তাঁর শহীদ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগের প্রশাসনে এমন পরিবর্তন আনা হয়েছে, যার ফলে নির্বাচনী ফলাফলে বিএনপির ভোট জামায়াতের প্রার্থীদের পক্ষে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও দাবি করেন, নির্বাচনে কারচুপির অভিযোগ জামায়াতের পক্ষ থেকেও তোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দলটির আমির নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী বলেও দাবি করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, দলের সাংগঠনিক শক্তি, প্রার্থীদের অবস্থান এবং জনপ্রিয়তা বিবেচনায় জাতীয় নির্বাচনে রংপুরের ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা পরাজিত হয়েছেন—এমন ফলাফল বিশ্বাস করা কঠিন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











