,

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ২০১৬ সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে যে বিবৃতির খসড়া তৈরি করেছিলেন, সেটিতে তখন স্বাক্ষর করা হলে দলটির অনেক বিতর্কের অবসান হতে পারত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আব্দুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) অনুষ্ঠানটির আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে রাজ্জাক যে মূল্যায়ন করেছিলেন, তা নিয়ে তিনি জাতির সামনে একটি বক্তব্য দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সালে সেই বক্তব্যে স্বাক্ষর করা হলে জামায়াতের অবস্থান নিয়ে তৈরি হওয়া অনেক প্রশ্নের সমাধান হতে পারত বলে তিনি মনে করেন।
মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, সংশোধনী নিয়ে আলোচনার সময় তৎকালীন জামায়াতে ইসলামীসহ কয়েকটি সংগঠনের নাম বাদ দেওয়ার দাবি উঠেছিল। তবে ঐতিহাসিক বাস্তবতার কারণে শেষ পর্যন্ত সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াতে ইসলামী’, ‘তৎকালীন মুসলিম লীগ’ ও ‘তৎকালীন নেজামে ইসলাম’ শব্দগুলো রাখা হয়।
আসাদুজ্জামান বলেন, সংসদে সংশোধনীটি পাসের সময় জামায়াতে ইসলামী এর বিরোধিতায় ‘না’ ভোট দেয়নি। তার মতে, এর মাধ্যমে দলটি পরোক্ষভাবে একাত্তরের ভূমিকা সম্পর্কিত ওই অবস্থান মেনে নিয়েছে।
আব্দুর রাজ্জাকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও অনুষ্ঠানে স্মরণ করেন আইনমন্ত্রী। তিনি জানান, রাজনৈতিক আদর্শে দুজনের অবস্থান ভিন্ন হলেও আইন পেশায় রাজ্জাকের জুনিয়র সহকর্মী হিসেবে বিভিন্ন আদালতে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল।
রাজ্জাক জামায়াতকে আরও প্রগতিশীল ইসলামি দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান। তার মতে, রাজ্জাক মনে করতেন ওপর থেকে কোনো ইসলামি শাসন চাপিয়ে দেওয়ার পরিবর্তে সমাজের ভেতর থেকে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
বইটি সম্পর্কে আইনমন্ত্রী বলেন, এটি শুধু গবেষণা বা সাহিত্যধর্মী গ্রন্থ নয়; বরং আব্দুর রাজ্জাকের জীবন, চিন্তা ও সমাজকে দেখার দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
অনুষ্ঠানে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিতি প্রত্যাশা করেছিলেন বলেও জানান তিনি। তার মতে, তারা উপস্থিত হয়ে বইয়ের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও সেটি গণতান্ত্রিক চর্চার অংশ হতো।
আসাদুজ্জামান আরও বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করলেও আব্দুর রাজ্জাক নিজস্ব চিন্তা ও কাজের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। শেষ জীবনে বাংলাদেশের মাটিতে দাফন হওয়ার যে ইচ্ছা রাজ্জাক প্রকাশ করেছিলেন, জুলাইয়ের আন্দোলনের পর তা পূরণ হয়েছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল