শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী
শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ‘৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে থাকবে দুটি হাতকড়া।’—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে দীর্ঘদিন বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আত্মগোপনে থাকা বিগত সরকারের লোকজনও এতে উৎসাহিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী ও অমানবিক আচরণের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, “আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী ও অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।”
শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরতদের দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা পার্শ্ববর্তী দেশকে অনুরোধ করেছি, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোসররা যারা পলায়ন করে আছেন, তাদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।”
বিগত সরকারের সমালোচনা করে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরানোর জন্য লুটপাট করে এ দেশের সবকিছু নিয়ে গেছে।” জনগণের অধিকার ক্ষুণ্ণ করা ও জনগণের অর্থ লুটের অভিযোগের সুষ্ঠু বিচার এবং আইনানুগ সমাধানের কথাও বলেন তিনি।
অসহায় গোলাপী বেগম পেলেন নতুন ঠিকানা
অনুষ্ঠানে রাজধানীর শাহবাগে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপী বেগমের হাতে নতুন বাড়ির চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়। তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে নবীনগরের রতনপুর গ্রামে আধাপাকা বাড়িটি নির্মাণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বাড়িটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











