শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস
অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড অ্যান্ড প্যাসেঞ্জার হ্যান্ডলিং অপারেটর হিসেবে নির্বাচিত হলে ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা মেনজিস অ্যাভিয়েশন। একই সঙ্গে এর মাধ্যমে প্রথম বছরে অন্তত ১ হাজার প্রত্যক্ষ এবং আরও সাড়ে ৪ হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তারা।
এক সংবাদ সম্মেলনে মেনজিসের কর্মকর্তারা জানান, এই বিনিয়োগের আওতায় ঢাকায় একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং একাডেমি স্থাপন করা হবে, যেখানে দেশীয় কর্মীদের বৈশ্বিক মানদণ্ডে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও স্থানীয়ভাবে ইউনিফর্ম ও প্রয়োজনীয় সরবরাহ সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের বস্ত্রখাত সহ সার্বিক যোগান শৃঙ্খলে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি এ উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।











