মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও বিস্তৃত করতে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে দুটি চলমান প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি অনুমোদন পেয়েছে নতুন একটি মেট্রোরেল প্রকল্প।
তিন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এর মধ্যে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পের প্রথম সংশোধনীতে সম্মিলিতভাবে ব্যয় বেড়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকার বেশি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন।
সভায় মেট্রোরেলের তিন প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।
এমআরটি লাইন-১ : দেশের প্রথম পাতাল মেট্রোরেল হিসেবে পরিকল্পিত এমআরটি লাইন-১-এর দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। প্রকল্পটির সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯১ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা।
প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। প্রথম সংশোধনীর পর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯১ কোটি টাকার বেশি।
প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
হেমায়েতপুর-ভাটারা রুটে এমআরটি লাইন-৫ : ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পের আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল করিডোর নির্মাণ করা হবে।
প্রকল্পটির সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। এর মূল ব্যয় ছিল ৪১ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা। প্রথম সংশোধনীতে ব্যয় বেড়েছে ৪৮ হাজার ৬০৯ কোটি ৮০ লাখ টাকা।
নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন : এবারের একনেক সভায় নতুন করে অনুমোদন পেয়েছে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প।
এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৫ হাজার ১৯৭ কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহায়তা তহবিল ইডিসিএফের ঋণ সহায়তা থেকে ৩০ হাজার ৩০৬ কোটি টাকা ব্যয় করা হবে।
প্রকল্পটির প্রায় ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ এবং বাকি অংশ উড়ালপথে নির্মাণ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, গাবতলী থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার ও তেজগাঁও হয়ে হাতিরঝিলের নিচ দিয়ে আফতাবনগর পর্যন্ত ভূগর্ভস্থ অংশ নির্মাণ করা হবে। টানেলগুলো মাটির প্রায় ১৬ থেকে ৩৮ মিটার গভীরে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
একসঙ্গে তিন প্রকল্পে গতি : একনেকের মূল এজেন্ডায় এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি থাকলেও ঢাকার সামগ্রিক মেট্রোরেল নেটওয়ার্ক দ্রুত বাস্তবায়নের স্বার্থে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্নের সংশোধিত প্রস্তাবও একই সভায় উপস্থাপন করা হয়।
তিন প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার মধ্যে দ্রুত গণপরিবহন সংযোগ তৈরির পাশাপাশি সড়কের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।











