ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
হুথিদের দাবি, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। মারিবের আকাশসীমায় সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি ভূপাতিত করা হয়েছে বলে জানায় তারা।
বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেন ও দেশটির জনগণের বিরুদ্ধে চলমান হামলার জবাব হিসেবে হুথিদের সামরিক বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছাকাছি যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার কথা জানিয়েছে হুথিরা। তবে এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১৫ সাল থেকে সংঘাত : ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা নিয়ন্ত্রণে নেওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এরপর সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনের সংঘাতে হস্তক্ষেপ করে। সেই থেকে দেশটিতে সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে।
এর মধ্যে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে সৌদি আরব ও হুথিদের মধ্যকার বিরোধ আবারও আলোচনায় এসেছে।
মক্কা অভিমুখে ড্রোন হামলার অভিযোগ : সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে। এ ঘটনার পর মঙ্গলবার মক্কায় সাময়িকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের বক্তব্য, কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালায়নি।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর আগে ২০১৭ সালে মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল।
মক্কায় সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। একই সময়ে সৌদি আরবের তাইফ ও জেদ্দা শহরেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল।
সূত্র: আল-জাজিরা











