অনলাইন ডেস্ক : ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগ ওঠার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঁধন। সেখানে ইতালির ঘটনার বিষয়ে নিজের অবস্থান জানানোর পাশাপাশি ঘটনার পর স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
বাঁধন বলেন, যারা তার ওপর হামলা করেছেন, তারা নিজেদের জন্যই ঝুঁকি তৈরি করছেন। তার দাবি, হামলাকারীরা তার গায়ে হাত তুলেছেন এবং এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিনেত্রী আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা মতের প্রতি ভালোবাসা থেকে এমন কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যার কারণে পরবর্তীতে পরিবারের সদস্যদের ভোগান্তিতে পড়তে হয়। রাজনৈতিক দলের নেতারা নিরাপদে থাকলেও কর্মীদের কর্মকাণ্ডের প্রভাব অনেক সময় তাদের পরিবারকে বহন করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
ইতালিতে নিরাপত্তার বিষয়ে বাঁধন জানান, ঘটনার পর তাকে টানা ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেখানে অবস্থানকালে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করেছে বলেও জানান তিনি।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে তাকে হেনস্তা ও হামলার অভিযোগ করেন বাঁধন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময় বাঁধনের দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ওঠে। ভিডিওতে কয়েকজনের সঙ্গে অভিনেত্রীর উত্তপ্ত কথাবার্তার দৃশ্য দেখা যায়।
ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন বাঁধন। পরে পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্তের উদ্যোগ নেয়।
হামলার অভিযোগ প্রকাশ্যে আসার পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা শুরু হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে তাকে আইনি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তোলার উদ্যোগ নেওয়া হয়।
বাঁধন এর আগে জানিয়েছিলেন, ঘটনার বিচার নিশ্চিত করতে তিনি শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় থাকতে চান।
রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করে। সিনেমার প্রদর্শনীর পাশাপাশি হামলার অভিযোগের কারণে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসেন এই অভিনেত্রী।