,

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

news-image

অনলাইন ডেস্ক : ইয়েমেনে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। খামিস মুশাইত গভর্নরেট এবং আসির প্রদেশের আবহা শহরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এই সতর্কতা দেয় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

পরে পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতা প্রত্যাহার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই এলাকায় বর্তমানে আর কোনো তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই।

সতর্কতা জারির সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কোনো ধরনের জমায়েত না করা এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার পরামর্শ দেয় সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ার সময় সৌদি আরবে এই সতর্কতা জারি করা হয়। হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে পশ্চিম ইয়েমেনের আল-হুদায়দাহ প্রদেশের হাইস ও আল-খাওখাহ জেলা রয়েছে।

এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সংঘর্ষও বেড়েছে। তাইজ, আল-জাওফ ও আল-বায়দা প্রদেশে লড়াই বিশেষভাবে তীব্র হয়েছে। এসব অঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার ঘটনাও ঘটছে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা এবং দেশের বেশ কয়েকটি এলাকা দখলে নেওয়ার পর পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়। এর এক বছর পর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট দেশটিতে অভিযান শুরু করে।