মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে ঘিরে নগরীতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সফর সামনে রেখে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সমন্বয় সভা করা হয়েছে। নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির সফর সামনে রেখে রোববার বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকা পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজারের চলমান উন্নয়নকাজ ও সফর উপলক্ষে নেওয়া প্রস্তুতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতির বিষয়ে জানতে চান।
পরিদর্শন শেষে সিসিক প্রশাসক বলেন, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিলেট পর্যটননগরী হওয়ায় রাষ্ট্রপতির সফরের সময় নগরীর সৌন্দর্য ও পরিবেশ যেন যথাযথ থাকে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, মাজার জিয়ারতের সময় রাষ্ট্রপতি যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিসিকের পক্ষ থেকে আরও জানানো হয়, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উন্নয়ন ও সংস্কারকাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এসব কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের পুরো সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ওই সাক্ষাতে রাষ্ট্রপতির সিলেট সফর, সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।











