মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ
অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বাসভবনে জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’র কার্যনির্বাহী কমিটির সদস্য সাত সংসদ সদস্য মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন।
রোববার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে এ সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান লিটন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও সানজিদা ইসলাম তুলি অংশ নেন। এ ছাড়া জামায়াতের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান), মারদিয়া মমতাজ এবং এনসিপির আখতার হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অংশ নেওয়া সংসদ সদস্যরা। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, রাষ্ট্রদূতের বাসভবনে আমেরিকান ককাসের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়েছে। এ ধরনের আয়োজন দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও জোরদারে ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।
সানজিদা ইসলাম তুলি বলেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও বোঝাপড়া আরও গভীর করার সুযোগ তৈরি হয়।











