গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে
অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার নয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন রেহানা পারভিন (৪৩), মো. সাইফুল ইসলাম (৫২), মো. জুয়েল শিকদার (৩৩), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাহেদ (৩৭), শান্ত শেখ (২৮), মো. হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সল (৪০) ও মো. সফিকুর রহমান (৫০)।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, শনিবার গুলশান এলাকা থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় ২৪ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঘটনাটি নিয়ে গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ঝটিকা মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে গেলে তাদের লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
এদিকে একই ধরনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।










