ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার
অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হয়ে যাওয়া একটি যাত্রীবাহী জাহাজের ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহও পাওয়া গেছে। তবে এখনো কয়েকজন যাত্রী ও ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল। খবর পাওয়ার পর নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার ও একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়।
জাহাজটি জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্য থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে সর্বশেষ অবস্থানের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।
দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য স্থানীয়দের বড় একটি অংশ যাত্রীবাহী জাহাজ ও ফেরির ওপর নির্ভরশীল। দেশটিতে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে।
এর আগে গত মাসে মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছিল।











