আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী। শুনানিতে আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুলও উপস্থিত ছিলেন।
নূরনবী বুলবুল সাংবাদিকদের জানান, আদালতে তারা যুক্তি দিয়েছেন, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন। ফলে এ ধরনের আবেদন করার আইনগত অধিকার তার নেই।
এর আগে ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন রিটটি করেন। এতে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের আবেদন করা হয়েছিল।
২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনসহ দল ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ থাকবে।











