,

কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযানে অর্থদণ্ড

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুরের মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দু’টি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা এবং অন্ততঃ ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দু’জনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মনকশাইর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মাসুদ (৩৫) ও তালেমান (২৩) নামের দু’জনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে পৃথক স্থানে দু’টি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয়। এতে অন্ততঃ ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানটি পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির।