,

তারেককে গ্রেপ্তার ছিল দেশি-বিদেশি চক্রান্ত: রিজভী

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয়তাবাদী রাজনীতিকে দুর্বল করার উদ্দেশ্যেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ওয়ান-ইলেভেন সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভীর দাবি, তারেক রহমানকে বন্দি করার পেছনে উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতিকে এমনভাবে দুর্বল করা, যাতে সেটি আর শক্ত অবস্থানে ফিরতে না পারে। খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার একই বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ওই সময় তারেক রহমানকে শুধু কারাবন্দি বা মানসিকভাবে নির্যাতন করা হয়নি, শারীরিকভাবেও নির্যাতনের শিকার হতে হয়েছিল। সেই নির্যাতনের ক্ষত এখনো তিনি বহন করছেন বলে দাবি করেন বিএনপির এই নেতা।

রিজভী আরও বলেন, জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, উন্নয়ন, উৎপাদন, পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার যে উদ্যোগ ছিল, তারেক রহমান সেই রাজনৈতিক আদর্শ ও অর্জনের ধারাবাহিকতা বহন করছেন।

তারেক রহমানের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ২০১৮ সাল থেকে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং গুম, হত্যা ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশেও তিনি দাঁড়িয়েছেন বলে দাবি করেন রিজভী।

তারেক রহমানকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন বলে দাবি করেন রিজভী।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য দেন।