,

এশিয়ান গেমসে পছন্দের হোটেলে থাকতে পারবে ক্রিকেট দল

news-image

অনলাইন ডেস্ক : জাপানে অনুষ্ঠেয় আসন্ন এশিয়ান গেমসে অংশ নেওয়া ক্রিকেট দলগুলো চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী হোটেলে থাকার ব্যবস্থা করতে পারবে। আয়োজকদের নির্ধারিত আবাসন নিয়ে উদ্বেগের মধ্যে জাপান ক্রিকেট সংস্থার প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি এ তথ্য জানিয়েছেন।

মিয়াজি জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আয়োজক কমিটি দীর্ঘদিন ধরে ক্রিকেট দলগুলোর আবাসন নিয়ে আলোচনা করছে। ক্রিকেটারদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। তবে কোনো দল চাইলে বিকল্পভাবে নিজেদের আবাসনের ব্যবস্থাও করতে পারবে।

এশিয়ান গেমসে অন্যান্য অনেক ডিসিপ্লিনের খেলোয়াড়দের তুলনামূলক সীমিত সুবিধার আবাসনে থাকতে হবে। এর মধ্যে প্রমোদতরী ও কনটেইনার হোটেলের মতো ব্যবস্থাও রয়েছে।

খেলোয়াড়দের মাঠের সুযোগ-সুবিধা নিয়েও বিস্তারিত জানিয়েছেন মিয়াজি। তিনি বলেন, নির্ধারিত এলাকায় শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষসহ প্রয়োজনীয় সুবিধা থাকবে। মাঠের কিছু ব্যবস্থা অস্থায়ী হলেও খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য সেগুলো যতটা সম্ভব আরামদায়ক করার চেষ্টা করা হয়েছে।

নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে পুরুষ ও নারী—দুই বিভাগের ক্রিকেট অনুষ্ঠিত হবে। চলতি বছরের শুরুতে একই মাঠে পুরুষদের পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছিল।

মিয়াজির ভাষ্য, মাঠ প্রস্তুতের জন্য আয়োজকদের সময় ছিল মাত্র ১৭ মাস। আইচি প্রদেশে আগে মানসম্মত ক্রিকেট ভেন্যু না থাকায় প্রায় শূন্য থেকেই কাজ শুরু করতে হয়েছে। সীমিত সময় ও সম্পদের মধ্যেও আয়োজক কমিটি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল যৌথভাবে মাঠ ও অন্যান্য অবকাঠামো প্রস্তুত করেছে।

তিনি জানান, কোরোগি স্পোর্টস পার্কে পূর্ণাঙ্গ আকারের ক্রিকেট মাঠ থাকবে। ঘাসের আউটফিল্ডের পাশাপাশি কৃত্রিম ও প্রাকৃতিক উপকরণের সমন্বয়ে উইকেট তৈরি করা হয়েছে। মাঠ প্রস্তুতে শ্রীলঙ্কা ক্রিকেটও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। নারীদের আসর অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

পুরুষদের ক্রিকেটে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি জায়গা পেয়েছে। এশিয়ার পূর্ণ সদস্য দেশ হিসেবে তারা এই সুযোগ পেয়েছে। স্বাগতিক জাপানও সরাসরি অংশ নেবে। এ ছাড়া নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান পুরুষদের প্রতিযোগিতায় খেলবে।