৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ
অনলাইন ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ সময় ৭ সেপ্টেম্বর। এসব আবেদনের ইস্যু করার কার্যক্রম শেষ করতে হবে ৯ সেপ্টেম্বরের মধ্যে। আর আবেদন নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।
চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদনগুলো যাচাই-বাছাই করে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় গত সোমবার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।











