আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটাকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ঘুষের মাধ্যমে অবৈধ কাজের সুবিধা নেওয়া, অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের মতো অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিদেশে অর্থপাচার, অবৈধভাবে বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে বলে জানা গেছে।
সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। একইসঙ্গে তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগের কথাও জানিয়েছে সূত্র।
তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হবে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হওয়া মানেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে—এমন নয়।











