,

সৌদি রিয়ালের বান্ডিল দেখিয়ে প্রতারণা, আটক ২

news-image

অনলাইন ডেস্ক : সৌদি রিয়ালের বান্ডিল বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খবরের কাগজ দিয়ে তৈরি কয়েকটি বান্ডিল ও ৫০ রিয়ালের তিনটি নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় চক্রের আরও এক সদস্য পালিয়ে গেছে।

পুলিশ জানায়, গড়পাড়া ইউনিয়নের একটি মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে শনিবার হকারের বেশে পরিচয় হয় জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির। প্রথমে তিনি বিভিন্ন গৃহস্থালি পণ্য বিক্রির কথা বললেও পরে ইমামকে জানান, তার কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রয়েছে। ব্যাংকের মাধ্যমে সেগুলো ভাঙিয়ে দিতে সহযোগিতা চান তিনি।

পরে মোবাইল ফোনে আরও এক ব্যক্তির সঙ্গে ইমামের কথা বলিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি নিজেকে অশিক্ষিত পরিচয় দিয়ে তার কাছে ১৪ বান্ডিল সৌদি রিয়াল থাকার দাবি করেন। ব্যাংকের মাধ্যমে টাকা ভাঙাতে সময় লাগবে জানিয়ে পরদিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টের সামনে ইমামকে ডেকে নেওয়া হয়।

সেখানে তিন ব্যক্তি তাকে ১৪ বান্ডিল সৌদি রিয়াল দেখিয়ে মাত্র এক লাখ টাকার বিনিময়ে সেগুলো দেওয়ার প্রস্তাব দেয়। এতে বড় অঙ্কের লাভ হবে বলেও তাকে প্রলুব্ধ করা হয়। ইমাম টাকা নিয়ে ঘটনাস্থলে ফিরে বান্ডিলগুলো পরীক্ষা করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে তিনি বুঝতে পারেন, বান্ডিলগুলোর বেশিরভাগই পুরোনো খবরের কাগজ দিয়ে তৈরি। কৌশলে এর মধ্যে শুধু ৫০ রিয়ালের তিনটি আসল নোট রাখা হয়েছিল।

বিষয়টি নিয়ে কথা কাটাকাটির সময় স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০) নামে দুজনকে আটক করে। এ সময় জাহাঙ্গীর শেখ পালিয়ে যায়। তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক এনামুলের কাছ থেকে একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। এতে গামছায় মোড়ানো খবরের কাগজের তৈরি বান্ডিল এবং ৫০ রিয়ালের তিনটি নোট পাওয়া যায়।

এ ঘটনায় ইমাম ইসমাইল হোসাইন শামীমের অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ থানায় মামলা হয়েছে। প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর