অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে হাম আক্রান্তের সন্দেহে ১ হাজার ১৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্তের সন্দেহে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।