ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত ভারতের কারাগারে আটক ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়, অনুসন্ধানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য পাওয়া গেছে। অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশযাত্রা বন্ধ রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আদালত দুদকের আবেদন বিবেচনা করে ফয়সাল করিম ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতের একটি কারাগারে বন্দী রয়েছেন।











