অনলাইন ডেস্ক : সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বাংলাদেশের এ ধরনের কোনো উদ্যোগে যুক্ত হওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, তিন দেশের চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে এনসিপি ইতিবাচকভাবে দেখছে। তবে এতে দেশের কী ধরনের সুবিধা বা ঝুঁকি রয়েছে, তা বিশ্লেষণ করা প্রয়োজন। এ বিষয়ে দলের উপকমিটি বিষয়টি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়ে এনসিপির এই মুখপাত্র বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। তাই কোনো সামরিক বা বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার আগে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, সরকারি দল বিএনপির একটি সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠেছে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের টিকিটের দাম কম থাকলেও বর্তমানে তা বেড়েছে। পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকট, চাঁদাবাজি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।
এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির মুখপাত্র।
১১ দলীয় জোটের ঘোষিত লংমার্চ প্রসঙ্গে জানতে চাইলে আসিফ মাহমুদ এটিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, জনগণের দুর্ভোগ ও বিভিন্ন সংকট তুলে ধরতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। গ্যাস-বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই লংমার্চ আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।