,

সামনে অন্ধকার, প্রশাসনের বিরুদ্ধে বিএনপি এমপির অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : প্রশাসনের একটি অংশ সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এ বিষয়ে সরকারকে সতর্ক করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজট ও এতে মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে ধরে এসব কথা বলেন তিনি।

শাহাদাত হোসেন সেলিমের দাবি, গত শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা তীব্র যানজট ছিল। এতে অসংখ্য যাত্রী চরম দুর্ভোগে পড়েন। যানজটে অ্যাম্বুলেন্স আটকে রোগীর মৃত্যুর পাশাপাশি অনেক প্রবাসী নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পেরে ফ্লাইট মিস করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ পরিস্থিতির কারণ খুঁজতে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান কুমিল্লা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিয়ে জরুরি জুম সভা করেন বলে জানান বিএনপির এই এমপি।

সেলিম বলেন, তিনি ওই সভায় উপস্থিত থেকে কর্মকর্তাদের বক্তব্য পর্যবেক্ষণ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এত বড় জনদুর্ভোগের পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট দায়বদ্ধতা বা অনুশোচনা দেখা যায়নি। এমনকি সেতু সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজের বিষয়েও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার কাছে আগাম পর্যাপ্ত তথ্য ছিল না বলে অভিযোগ করেন তিনি।

তার মতে, কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং জবাবদিহিতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে। সেতু সংস্কারের আগে গণবিজ্ঞপ্তি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম প্রচার করা হলে মানুষ বিকল্প পথে চলাচল করতে পারতেন এবং বড় ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

পরে হুইপ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেন বলেও পোস্টে উল্লেখ করেন সেলিম। তবে সেখানেও তিনি দায়িত্বশীলতার প্রত্যাশিত মনোভাব দেখতে পাননি বলে দাবি করেন।

শাহাদাত হোসেন সেলিম বলেন, প্রশাসনের একটি প্রভাবশালী অংশ সরকারকে ব্যর্থ হিসেবে দেখাতে সক্রিয় হয়ে উঠেছে বলে তার মনে হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত সংশ্লিষ্টদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জনদুর্ভোগ সৃষ্টি ও দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি সতর্ক করেন, সময়মতো পদক্ষেপ না নিলে সামনে দেশের জন্য ‘ঘোর অন্ধকার’ অপেক্ষা করতে পারে।

এ জাতীয় আরও খবর

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর

স্বর্ণের দাম আরও কমল

মুম্বাইয়ে ৬.৮৫ কেজি সোনা জব্দ, বাংলাদেশিসহ আটক ৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আইফোনের জন্য দেড় বছরের সন্তান বিক্রির অভিযোগ

মাংস বিক্রিতে ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি

দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর

চার হত্যা মামলায় সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্ট নেগেটিভ

সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু