চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ
অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তালিকাটি প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। ভোটের তারিখ চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
ভোটকেন্দ্রের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। ইসি জানিয়েছে, স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে হবে—ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন—তা চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রের সংখ্যাও নির্ধারণ করা হবে। নির্বাচনী তফসিল ও সামগ্রিক পরিকল্পনা স্পষ্ট হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এ জন্য যথাক্রমে ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮ ব্যবহারের সুযোগ রয়েছে।
ইসির নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন সম্পন্ন করে সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজনের কথা ভাবছে কমিশন।











