,

বন্যার ভেসে আসা ভল্ট ভেঙে টাকা লুট, আটক ২৯

news-image

অনলাইন ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ভেঙে নগদ টাকা নেওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ধাদিং এলাকায়।

জানা গেছে, রাসুয়া থেকে বন্যার পানির স্রোতে ভল্টটি ত্রিশূলী নদী হয়ে ধাদিংয়ে ভেসে আসে। সেখানে কয়েকজন সেটি ভেঙে ভেতর থেকে টাকা বের করার চেষ্টা করলে পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। তাদের ধাদিং জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে আরও দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি পানির স্রোত থেকে মরদেহটি টেনে তোলার পর তার কান থেকে দুল খুলে নিচ্ছেন। ঘটনাস্থলে থাকা অন্য কয়েকজনের ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদিকে বন্যা ও ভূমিধসের পর নেপালে পঞ্চম দিনের মতো উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে। হিমবাহ ধসের পর পাহাড়ি নদীগুলোতে পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষ নেমে আসায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে গ্রাম, সড়ক, সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ হিসাবে দুর্যোগে নেপালে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং দুই হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব শেষ না হওয়া পর্যন্ত এ ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে।