,

ফ্লুতে নেইমার, ডার্বির আগে চিন্তায় সান্তোস

news-image

অনলাইন ডেস্ক : করিন্থিয়ানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বির আগে দুশ্চিন্তায় পড়েছে সান্তোস। দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র ফ্লুর মৃদু উপসর্গের কারণে শুক্রবারের অনুশীলনে অংশ নেননি।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় নিও কিমিকা অ্যারেনায় করিন্থিয়ানসের মুখোমুখি হবে সান্তোস। ম্যাচের আগে সিটি রেই পেলে প্রশিক্ষণ কেন্দ্রে দলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেইমারকে দেখা যায়নি।

তবে তার অসুস্থতা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে ক্লাবটি। চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সান্তোস জানায়, নেইমারের ফ্লুর উপসর্গ দেখা দেওয়ায় স্বাস্থ্য বিভাগের পরামর্শে শুক্রবারের অনুশীলনে তাকে রাখা হয়নি।

ডার্বির আগেই নেইমার সুস্থ হয়ে দলের অনুশীলনে ফিরবেন এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকবেন বলে আশা করছে সান্তোস।

চলতি মৌসুমে দলটির আক্রমণভাগে নেইমারের গুরুত্ব অনেক। অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টে নিয়মিত অবদান রাখছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ২৪ ম্যাচে ৯ গোল করেছেন নেইমার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল।

এ কারণে করিন্থিয়ানসের বিপক্ষে মর্যাদার এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা নিয়েই এখন সান্তোস সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার ওপরই নির্ভর করছে ডার্বিতে তার মাঠে নামা।