সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
অনলাইন ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদনটি খারিজ করে দেন।
এদিকে সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি না করতে এবং তা করলে সালমান শাহর মতো তার ভাই শাহরানকেও হত্যা করা হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মামলার বাদী ও সালমান শাহর মামা আলমগীর কুমকুম সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখিয়ে জানান, সালমান ভক্ত মামুনের ফেসবুক লাইভের মন্তব্যে ‘শাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়। পরে মন্তব্যটি মুছে ফেলা হয়েছে বলে জানান মামুন।
মামুন বলেন, সালমান শাহর ভক্তদের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানাতে তিনি ফেসবুকে লাইভ করছিলেন। সেই সময় লাইভের মন্তব্যে হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনাটির পেছনে কারা রয়েছে এবং ডন গ্রেপ্তারের পর কেন এমন হুমকি দেওয়া হলো, তা তদন্তের দাবি জানান তিনি।
এর আগে ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করে সিআইডি। তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্তে ডনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং জামিনে মুক্তি পেলে তদন্ত ব্যাহত হওয়ার পাশাপাশি তার ফের পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেছিলেন। পরে সালমান শাহকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।
দীর্ঘ তদন্তে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআই—তিন পক্ষই হত্যার অভিযোগের পক্ষে প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়। তবে পরিবারের পক্ষ থেকে এসব প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি ও পুনঃতদন্তের আবেদন করা হয়।
২০২৫ সালের ২০ জুন ঢাকার একটি আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন। পরে একই বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা মডেল থানায় মামলাটি করেন। মামলায় সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে।











