রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে
অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম ও তাহমিদা আহমদসহ ইসি সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, ভোটার তালিকা প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করতেই এ বৈঠক করা হয়েছে।
এর আগে রোববার নির্বাচন কমিশনের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয় নিয়ে বৈঠক করেন সিইসি, নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ কর্মকর্তারা। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইন পর্যালোচনা করা হয়। পরে পরবর্তী প্রক্রিয়া নির্ধারণে স্পিকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। ওই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি। এরপর ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা গ্রহণ করেন এবং একই দিনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। স্পিকারের সঙ্গে আলোচনা করে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।











