প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের শিক্ষাসচিব বদলি
অনলাইন ডেস্ক : প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলনের মধ্যেই ভারতের শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত জোশিকে সরিয়ে তার স্থলে নরেশ গাঙ্গোয়ারকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার রাতে জারি করা সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিনীত জোশি। তাকে এখন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এই রদবদলের অংশ হিসেবে আরও বেশ কয়েকটি প্রশাসনিক পদে পরিবর্তন আনা হয়েছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্রামীণ উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব টি কে অনিল কুমার।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন। তিনি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন।
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিরোধী দলগুলো ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনকারীদের অন্যতম দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অবহেলার কারণেই শিক্ষাসচিবকে বদলি করা হয়েছে। তিনি বলেন, অনিয়মের সঙ্গে জড়িত বা দায়িত্বে গাফিলতি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরকার জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন আইন ও ব্যবস্থা নেওয়ার বিষয়ে আগামী সংসদ অধিবেশনে পদক্ষেপ নেওয়া হবে।











