১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ২৩, ২০২৬
অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালে ইংল্যান্ড সফরে টাইগাররা একটি টেস্ট ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
এর আগে সর্বশেষ ২০১০ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এরপর দীর্ঘ সময় ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি টাইগাররা।
ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ২০১০ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও সাদা বলের সিরিজে স্বাগত জানানোর কথা জানান তিনি।
এদিকে একই সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দলও ইংল্যান্ডে যাবে। তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর। এরপর ১৭, ২১ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।