মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেসের টিকিট পরীক্ষক (টিটি) মারধরের অভিযোগের প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ছয়টি ট্রেন আটকে পড়েছে এবং ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

মঙ্গলবার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রেলক্রসিং এবং আরডিএ ওভারপাসের নিচের রেলপথে গাছের শেকড়, বাঁশ ও বেঞ্চ ফেলে লাল পতাকা টানিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

অবরোধের কারণে বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, ৫৭ কমিউটার, ১৬ মহানন্দা এবং সিক্স ডাউন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

বনলতা এক্সপ্রেসের এক যাত্রী জানান, সকাল থেকে ট্রেন আটকে থাকায় বিশেষ করে বয়স্ক ও অসুস্থ যাত্রীরা বেশি সমস্যায় পড়েছেন। গরমের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে টিটি মারধর করেছেন। তাদের দাবি, ওই শিক্ষার্থী টিকিট ছাড়া টাকা নেওয়ার প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দীন অভিযোগ করেন, রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করায় কয়েকজন টিটি তাকে দুই বগির মাঝখানে নিয়ে গিয়ে মারধর করেন। একপর্যায়ে তাকে ট্রেনের দরজার কাছে ধাক্কা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্ত টিটিকে সাময়িক বরখাস্ত ও আইনের আওতায় আনা, ঘটনার তদন্ত, আহত শিক্ষার্থীর চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং ট্রেনে যাত্রী হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদেই রেলপথ অবরোধ করা হয়েছে। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার জানান, দাবিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত ব্যবস্থা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।