ফাইনালে বড় পর্দায় ট্রাম্পকে দেখায়নি ফিফা, মাঠে নামতেই দুয়ো
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিআইপি বক্সে স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ খেলা উপভোগ করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। টেলিভিশন সম্প্রচারে ট্রাম্পকে একাধিকবার দেখা গেলেও মাঠের বড় পর্দায় একবার দেখানো হয়নি তাকে।
টেলিভিশন সম্প্রচার ও স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো দৃশ্যের মধ্যে পার্থক্য ছিল স্পষ্ট। ম্যাচ শুরুর আগে গায়িকা জেনিফার হাডসন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করার সময় সম্প্রচারে ট্রাম্পকে দেখানো হলেও স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানো হয়নি। ফলে সম্প্রচারে যে প্রতিক্রিয়া ধরা পড়েছিল, স্টেডিয়ামে তা সৃষ্টি হয়নি।
ম্যাচের পুরো সময় গ্যালারিতে জার্সি পরা সমর্থক, তারকা অতিথি এবং গ্যালারির কুকুরকেও তুলে ধরে মাঠের বড় পর্দায়। কিন্তু ট্রাম্পকে একবারও দেখানো হয়নি। ধারণা করা হচ্ছে, ফাইনালের পরিবেশে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া বা বিতর্ক এড়াতেই আয়োজকরা এমন সিদ্ধান্ত নিয়েছিল।
তবে এই আড়াল বেশিক্ষণ টেকেনি। স্পেনের শিরোপা জয়ের পর ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে মাঠে নামেন ট্রাম্প। তখনই স্টেডিয়ামের বিভিন্ন প্রান্ত থেকে জোরালো দুয়ো শোনা যায়। যদিও কিছু দর্শক হাততালিও দেন, তবু দুয়োর শব্দই ছিল বেশি স্পষ্ট।
এমন প্রতিক্রিয়া অবশ্য নতুন নয়। ২০২৫ সালে একই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ট্রাম্পকে দুয়ো দিয়েছিলেন দর্শকরা। সেবার চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেওয়ার পর খেলোয়াড়দের উদযাপনের সময়ও মঞ্চে অবস্থান করায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
এবার প্রায় পুরো ম্যাচে বড় পর্দায় ট্রাম্পকে আড়াল করে রাখলেও, পুরস্কার বিতরণীর সময় মাঠে নামার পর আর তাকে দর্শকদের প্রতিক্রিয়া থেকে দূরে রাখা সম্ভব হয়নি।











