শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর এক উদ্যোক্তার গড়ে তোলা সাপের খামারে নিয়মিত বিষ (ভেনম) সংগ্রহ করা হলেও নীতিগত জটিলতা ও বাজারজাতের সুযোগ না থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। চিকিৎসাবিজ্ঞানে অ্যান্টিভেনম তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হওয়া সত্ত্বেও দেশে উৎপাদিত এই মূল্যবান সম্পদ এখনো বাণিজ্যিকভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাস প্রতিষ্ঠা করেছেন ‘বাংলাদেশ স্নেক ভেনম’ নামে একটি খামার। সেখানে কিং কোবরা, রাসেলস ভাইপার, সাদা গোখরা, কেউটে, পাইথনসহ বিভিন্ন প্রজাতির আড়াই শতাধিক সাপ রয়েছে। এসব সাপ থেকে নিয়মিত ভেনম সংগ্রহ করা হলেও তা বিক্রির অনুমোদিত ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।

প্রবাস জীবন শেষে ২০০০ সালে শখের বসে সাপ পালন শুরু করেন রাজ্জাক। পরে আহত ও লোকালয়ে চলে আসা সাপ উদ্ধার করে সংরক্ষণের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজও শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের প্রচেষ্টার পর সম্প্রতি তার খামার প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে।

রাজ্জাক বিশ্বাসের দাবি, খামার পরিচালনায় ইতোমধ্যে এক কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। জমি বিক্রি ও স্ত্রীর গয়না বিক্রি করেও তিনি এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তবে আর্থিক সংকটের কারণে কর্মীদের নিয়মিত বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, খামার থেকে প্রতি মাসে প্রায় এক পাউন্ড ভেনম সংগ্রহ করা সম্ভব, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা। তবে কাঁচা ভেনম সরাসরি বিক্রি করা যায় না। এটি প্রক্রিয়াজাত করে ওষুধ শিল্পে ব্যবহার করতে হয়। নিবন্ধন পাওয়ার পরও এখন পর্যন্ত কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি বলে অভিযোগ করেন তিনি।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া বলেন, অ্যান্টিভেনম উৎপাদনের জন্য উন্নত গবেষণা, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত অবকাঠামো প্রয়োজন। এ ক্ষেত্রে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, খামারটি ভেনম সংগ্রহের নিবন্ধন পেলেও নির্ধারিত মান অনুযায়ী প্রক্রিয়াজাত না করে তা ব্যবহার বা বাজারজাত করা সম্ভব নয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, দেশে উৎপাদিত ভেনম ব্যবহার করে অ্যান্টিভেনম তৈরি করা গেলে বিদেশের ওপর নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং সাপে কাটা রোগীদের চিকিৎসা আরও সহজ হবে। এজন্য সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও ওষুধ শিল্পের সমন্বিত উদ্যোগ জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা

বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ জানালেন কাজল