টেকসই নগরায়ণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ
অনলাইন ডেস্ক : জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল এবং টেকসই নগর গড়ে তোলার প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর।
বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘নিউ আরবান এজেন্ডা’র মধ্যমেয়াদি পর্যালোচনা সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন দেশের জাতীয় উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি জানান, বাংলাদেশ নগরায়ণকে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং টেকসই নগর অবকাঠামো গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সহায়ক হবে।
তিনি উল্লেখ করেন, ভবিষ্যৎমুখী নগর উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, আধুনিক অর্থায়ন ব্যবস্থা, আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে সরকার গুরুত্ব দিচ্ছে।
বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দিয়ে আহাম্মদ সোহেল মনজুর প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী অর্থায়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানান।











