অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বৃহস্পতিবার সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
পরে ইশরাক হোসেন বলেন, অতীতের গুম, খুন ও রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া জরুরি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব হত্যার দ্রুত বিচার ও রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছিলেন, যা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার ভাষ্য, শহিদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ আন্দোলনের শহিদরা গণআন্দোলনের পথকে আরও শক্তিশালী করেছিলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নাছির উদ্দীন নাছির বলেন, সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা বর্তমান সময়ের অন্যতম দায়িত্ব।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ (এনডিসি), পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), শহিদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্য, কক্সবাজার জেলা ছাত্রদলের নেতারা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। মৃত্যুর সময় তিনি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।