অনলাইন ডেস্ক : রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে এখন থেকে পর্যটকেরা আগের মতো এসব স্থানে ভ্রমণ করতে পারবেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ জুলাই জারি করা সাজেক ভ্রমণের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে বর্ষা মৌসুমে ভ্রমণের সময় সবাইকে সতর্ক থাকতে এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
পর্যটনসংশ্লিষ্টরা আশা করছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আবারও সাজেকে পর্যটকদের আগমন বাড়বে এবং স্থবির হয়ে পড়া পর্যটন খাত চাঙা হবে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাদের প্রতিষ্ঠানের প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।