অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদের দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের ওপর এ ধরনের হামলা দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন। এটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।
এর আগে সোমবার সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
হুথি হামলার পর দেওয়া বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে সংকটময় সময়ে সৌদি জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
শেহবাজ শরিফ আরও বলেন, পুরো অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করবে পাকিস্তান।
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে। এর আগে দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে, যেখানে এক দেশের ওপর হামলাকে দুই দেশের জন্যই হুমকি হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।
এদিকে ইয়েমেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেও সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।