কক্সবাজারে পাহাড়ধস ও বন্যায় আরও ৩ প্রাণহানি
অনলাইন ডেস্ক : টানা আট দিনের ভারী বৃষ্টিপাত কিছুটা কমলেও কক্সবাজারের বন্যাকবলিত এলাকার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এরই মধ্যে পাহাড়ধস ও বন্যার পানিতে ডুবে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন গৃহবধূ এবং দুইজন শিশু রয়েছে।
শনিবার রাতে কক্সবাজার শহরের পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়ায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী আব্দুল মজিদ আহত হলেও অন্য পরিবারের সদস্যরা অক্ষত থাকেন।
স্থানীয়দের ভাষ্য, রাতে খাবার পরিবেশনের প্রস্তুতির সময় রান্নাঘর থেকে পাতিল আনতে গেলে হঠাৎ পাহাড়ের মাটি ধসে রোজিনা চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এদিকে একই রাতে পেকুয়া উপজেলার বলিরপাড়া এলাকায় বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে সে পানিতে পড়ে যায় বলে জানা গেছে।
অন্যদিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী জলদাসপাড়ায় বন্যার স্রোতে ভেসে নিখোঁজ হওয়া সজীব জলদাস (১২)-এর মরদেহ রোববার বিকেলে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্বজনদের যৌথ অভিযানে ঘটনাস্থলের অদূরে তার মরদেহ পাওয়া যায়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে পাহাড়ধস ও বন্যাজনিত বিভিন্ন দুর্ঘটনায় কক্সবাজারে এখন পর্যন্ত রোহিঙ্গাসহ মোট ৩১ জনের মৃত্যু হয়েছে।











