শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বংশালে সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে বংশালের মুকিমবাজার শিয়া গলির একটি মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দেলোয়ার হোসেন যশোরের শর্শা উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি বংশালের মুকিমবাজার শিয়া গলিতে বসবাস করতেন এবং সেখানে মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানান, সকালে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের মালিক দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুলের চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।