অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচয় দেওয়া ঠিক নয়। তিনি নিজেকে বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে উল্লেখ করে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার বেলা ১১টার পর সচিবালয়ে বিএসআরএফ সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার রাজনৈতিক ও সাংগঠনিক কাজের সূত্রে বহুবার দেখা হয়েছে। বগুড়ার বাসিন্দা হওয়ায় বিভিন্ন সময় তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে স্নেহ ও পরামর্শ পেয়েছেন। তবে এটুকুই তাদের সম্পর্ক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে চিনলেও সেটিকে বন্ধুত্ব হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। তাদের মধ্যে বয়সেরও যথেষ্ট পার্থক্য রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন সংবাদে ‘প্রধানমন্ত্রীর বন্ধু’ পরিচয় ব্যবহার করে তার বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ করা হয়, যা তিনি ও তার পরিবার বিব্রতকর বলে মনে করেন।
মীর শাহে আলম জানান, ১৯৯৩-৯৪ সালের দিকে ছাত্রদলের দায়িত্ব পালনকালে তারেক রহমানের সঙ্গে তার রাজনৈতিক পরিচয় হয়। এরপর থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডের সূত্রে যোগাযোগ রয়েছে।
তিনি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ভবিষ্যতে তাকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উল্লেখ না করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।