শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে বাড়ল ভোটারের সংখ্যা

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকক্ষ নির্ধারণে ভোটারের সংখ্যা বাড়িয়ে নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত সংশোধিত গেজেট বিজ্ঞপ্তি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী গড়ে প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

নতুন বিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হবে। একই নিয়ম উপনির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদি একটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রয়োজনে একটি ভোটকক্ষের ভেতরে একাধিক গোপন কক্ষ (সিক্রেট বুথ) স্থাপনের সুযোগও রাখা হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যে অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে প্রয়োজন অনুযায়ী একটি ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্র স্থাপন করা যাবে।

এর আগে প্রচলিত নীতিমালায় সাধারণ নির্বাচনে ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণের বিধান ছিল। আর উপনির্বাচনে ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ রাখা হতো। সংশোধিত নীতিমালায় এই সংখ্যা বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর