বেবি বাম্পে নতুন লুকে দীপিকা, মুগ্ধ ভক্তরা
অনলাইন ডেস্ক : দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখা গেছে তার বেবি বাম্প। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
গর্ভাবস্থার মধ্যেও কাজ থেকে বিরতি নেননি দীপিকা। প্রথম সন্তানের সময়ের মতো এবারও নিজের পেশাগত ব্যস্ততা চালিয়ে যাচ্ছেন তিনি। জানা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা কিং-এর শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি বিলাসবহুল হোটেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেন দীপিকা। সেখানে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতিতে দেখা যায় তাকে। তার প্রাণবন্ত উপস্থাপনায় প্রশংসা করেছেন ভক্তরা।
ভিডিও প্রকাশের পর অনেকেই দীপিকাকে ‘সুপারমম’ আখ্যা দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, মাতৃত্বের সময়েও যেভাবে তিনি কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখছেন, তা অনুপ্রেরণাদায়ক।
এর আগে এপ্রিলে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর নিয়ে আলোচনা শুরু হয়। শুরুতে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি বা তার স্বামী রণবীর সিং। পরে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেন অভিনেত্রী। পোস্টে তাদের মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়।
খবর প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে যায় দীপিকার সামাজিক যোগাযোগমাধ্যম। অভিনেত্রী ভূমি পেডনেকারসহ অনেকে তাকে অভিনন্দন জানান।
২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এবার পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।











