বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন বিবার-শাকিরারা
অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের বিরতিতে এবার থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। জমকালো এই অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস। বুধবার ফিফা এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কের বাইরে নির্ধারিত ভেন্যুতে ফাইনাল ম্যাচের বিরতির সময় অনুষ্ঠিত হবে ১১ মিনিটের এই বিশেষ অনুষ্ঠান। এর সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
অনুষ্ঠানে আরও থাকবেন আফ্রিকার জনপ্রিয় শিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার বিখ্যাত অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরাস দল। বিশেষ পরিবেশনায় অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লেও।
এই আয়োজনের মাধ্যমে শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে গঠিত বিশেষ তহবিলের জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাস্টিন বিবার বলেন, বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা বিশ্বের মানুষকে একত্রিত করে। এই অনুষ্ঠানের অংশ হতে পারা এবং এর মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গড়ার উদ্যোগে যুক্ত হতে পারা তার জন্য আনন্দের বিষয়।
এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বার্না বয়। তিনি শাকিরার সঙ্গে চলতি বিশ্বকাপের আনুষ্ঠানিক গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী। আফ্রিকান ও লাতিন সংগীতের সমন্বয়ে তৈরি গানটিতে বিভিন্ন দেশ ও ফুটবল তারকাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বার্না বয় বলেন, বিশ্বকাপ পুরো পৃথিবীকে একত্র করে। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতির অনুষ্ঠানে আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য গর্বের পাশাপাশি বড় দায়িত্ব।
সাধারণত ফুটবল ম্যাচের বিরতিতে বড় পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায় না। তবে এবার বিশ্বকাপ ফাইনালে সেই প্রচলিত ধারা বদলাতে যাচ্ছে। এর আগে ইউরোপের বড় ক্লাব প্রতিযোগিতার ফাইনালের আগে সংগীত পরিবেশনা থাকলেও ম্যাচের বিরতিতে এমন আয়োজন ছিল খুবই বিরল।
এছাড়া শিশুদের জনপ্রিয় শিক্ষামূলক পুতুলভিত্তিক ধারাবাহিকের কয়েকটি চরিত্রও অনুষ্ঠানে অংশ নেবে। তাদের সঙ্গে থাকবে পরিচিত চরিত্র কারমিট ও মিস পিগি।











